অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি ||
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিতঅপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে মাদকের ক্ষতিকর প্রভাব ও সচেতনতামূলক বার্তা সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অবৈধ পাচার ও চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছয়টি গ্রুপে বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।