মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি "সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার (২৮ জুন) সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, এ বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।