আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি ||
গোয়াইনঘাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার, মোবাইল জব্দআখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সারিঘাট পুরাতন বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন মঙ্গলবার (৩০ জুন) র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলেন—জুবায়ের আহমেদ, সাগর মালাকার, মফিজুর রহমান, শাহীন আহমেদ ও আজিজুল হক। তাদের সবার বাড়ি গোয়াইনঘাট উপজেলায়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়, যেগুলো অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা ‘77abc’, ‘Night Teer’ ও ‘1111bet’-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন। মাত্র ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে তারা মানুষকে জুয়ার সঙ্গে যুক্ত করতেন এবং এর বিপরীতে কমিশন গ্রহণ করতেন। জব্দ করা মোবাইলগুলোতে এ সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।র্যাব-৯-এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।