ওসমানীনগর প্রতিনিধি ||
প্রবাসীদের উদ্যোগে তাজপুরে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধনওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভারেরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকায় জননিরাপত্তা নিশ্চিত ও রাতের চলাচল সহজ করতে গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে.-এর অর্থায়নে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদী লুনা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। দেশের উন্নয়নের পাশাপাশি নিজ নিজ এলাকার কল্যাণে তাদের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রবাসীদের এমন উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় স্থাপিত স্ট্রিট লাইটগুলো এলাকার নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা ও অপরাধপ্রবণতা হ্রাস এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা, অবকাঠামো ও জনকল্যাণমূলক আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।