আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি ||
গোয়াইনঘাটে খেলাফত মজলিসের তরবিয়াতি মজলিস অনুষ্ঠিত আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ও সুসংগঠিত “তরবিয়াতি মজলিস” অনুষ্ঠিত হয়েছে। দ্বীনি চেতনা জাগ্রত করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় নেতৃবৃন্দ ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।শনিবার (১১ জুলাই ২০২৬ খ্রি.) বিকাল ২:০০ ঘটিকায় গোয়াইনঘাট বাজারস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন কাজী মাওলানা শরীফ উদ্দিন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া।অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআনুল কারিম থেকে হৃদয়স্পর্শী তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কারী মাওলানা আখলাক হুসাইন। তার সুললিত কণ্ঠে কুরআনের বাণী উপস্থিত সবার হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং অনুষ্ঠানের আধ্যাত্মিক পরিবেশকে আরও গাম্ভীর্যপূর্ণ করে তোলে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বীনি শিক্ষা ও সংগঠনের শক্তি বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “নিজেদেরকে আদর্শবান কর্মী হিসেবে গড়ে তুলতে হলে নিয়মিত তারবিয়াত, অধ্যয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রতি যত্নবান হতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ। তিনি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার আহ্বান জানান এবং বলেন, প্রতিটি কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করতে হবে।তারবিয়াতি মজলিসের বিভিন্ন পর্বে তেলাওয়াতে কুরআন, দারসুল কুরআন পাঠ, প্রশিক্ষণমূলক আলোচনা, সাংগঠনিক পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বক্তারা কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন, নৈতিকতা উন্নয়ন এবং সমাজ সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী এবং ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং শিক্ষণীয়। অংশগ্রহণকারীরা এই ধরনের তরবিয়াতি মজলিস নিয়মিত আয়োজনের প্রতি জোরালো আহ্বান জানান। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সংগঠনের ভিতকে মজবুত করার পাশাপাশি সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।