মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর ||
শ্রীপুরে ৪ কিলোমিটার সড়ক যেন নরকযন্ত্রণা, দুর্ভোগে মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলার হাজারো মানুষ মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক এখন যেন এক একটি মৃত্যুফাঁদ। দীর্ঘ দুই বছর ধরে খানাখন্দ, কাদা আর জলাবদ্ধতায় বেহাল অবস্থায় পড়ে আছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি।শুধু শ্রীপুর নয়, টাঙ্গাইলের সখিপুর এবং ময়মনসিংহের ভালুকা ও কাচিনা গ্রামের হাজার হাজার মানুষের মাওনা চৌরাস্তায় আসার একমাত্র মাধ্যম এই সড়ক। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পরিণত হয় নোংরা জলাশয়ে। কাদা-পানির নিচে লুকিয়ে থাকা বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত উল্টে যাচ্ছে অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল।স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পোশাক কারখানার শ্রমিক, ব্যবসায়ী ও রোগীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করছেন। কপাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার আলী জানান, অবিলম্বে সংস্কার না হলে চলতি বর্ষায় দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে।অটোরিকশাচালক শাজাহান, আক্ষেপ করে বলেন, সপ্তাহে দুইবার গাড়ি গ্যারেজে নিতে হয়, বডি ভেঙ্গে যায়। বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা রাগ করেন আমরা চালকেরা চরম লোকসানে আছি।শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ জানিয়েছেন, বাজেট অল্প থাকায় কাজ আটকে আছে। তবে জুলাই মাসে প্রস্তাব পাঠানো হয়েছে এবং এলজিইডির জিওভি মেইনটেনেন্স প্রকল্পের বরাদ্দ পেলে সামনে সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর এখন একটাই দাবি আর কোনো ফাঁকা আশ্বাস নয়, বর্ষা আরও বাড়ার আগেই এই নরকযন্ত্রণা থেকে মুক্তি দিতে দ্রুত স্থায়ী সংস্কার কাজ শুরু করা হোক।