গাইবান্ধা প্রতিনিধি ||
গাইবান্ধার ফুলছড়িতে কৃষককে গলা কেটে হত্যা, অভিযুক্ত চাচাতো ভাই গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহজালাল নামের এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১২জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া ওরফে মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শাহজাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন এবং পাশাপাশি বাঁশের কাজ করতেন।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও খাওয়া-দাওয়া শেষে শাহজালাল বারান্দার টিনের আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী গোলেদা বেগম ঘুমান মূল ঘরে।রাত ২টার দিকে গোঙানির শব্দ পেয়ে গোলেদা বেগম বারান্দার কক্ষে গিয়ে স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।ওসি আরও বলেন, "হত্যায় ব্যবহৃত হাঁসুয়া মরদেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা বারান্দার রুমের পাটাতনের নিচের অংশ খুলে ভেতরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।"নিহতের ছেলে অটোচালক পাঞ্জু মিয়া অভিযোগ করেন, "বারান্দার রুমের দরজার মোকা কেটে ঢুকে আমার বাবাকে গলা কেটে খুন করা হয়েছে। আমার চাচাতো ভাই গোলাম হোসেন বাবাকে খুন করে পালিয়েছে। পালানোর সময় আমার মা তাকে দেখেছে।তার দাবি, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে তাদের পরিবারে অশান্তি করতেন এবং স্ত্রীকে মারধর করতেন। "চাচা হিসেবে আমার বাবা এসবের প্রতিবাদ করতেন। সেই ক্ষোভ থেকেই তিনি বাবাকে খুন করেছেন," বলেন পাঞ্জু মিয়া।কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আজাদ মিয়া জানান, প্রায় পাঁচ মাস আগে গোলাম হোসেনের স্ত্রীকে নিরাপত্তার স্বার্থে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।ওসি দুরুল হোদা বলেন, "পরিবারের অভিযোগ এবং পারিপার্শ্বিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুলছড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।