পীরগাছা (রংপুর) প্রতিনিধি ||
পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগপীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোলাপাড়া মৌজায় একটি পুকুরপাড়ের প্রায় ৪০ টি লিচু গাছসহ বিভিন্ন প্রজাতির আরও ১৫ টি গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে পুকুরের মালিককে মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী আকতার হোসেন। ভুক্তভোগী আকতার হোসেন অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।অপর দিকে অভিযুক্তরা ইটাকুমারী ইউনিয়নের গঙ্গানারায়ণ এলাকার মৃত হাসমত আলীর ছেলে আশব আলী ও আফর উদ্দিন, মৃত মকবুল হোসেনের ছেলে সিরাজ ইসলাম (সিরা), আফর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম এবং ধনেশ্বরের ছেলে শ্রী সুধা রাম।অভিযোগ সূত্রে জানা যায়, জোলাপাড়া এলাকায় নিজের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন আকতার হোসেন। পুকুরপাড়ে তাঁর প্রায় ৪০টি লিচু গাছ ছাড়াও আরও প্রায় ১৫টি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দিলে পুকুরে মাছ চাষ করতে দেওয়া হবে না বলেও বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হয়।এরই জের ধরে গত ১৫ জুলাই ২৬ সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী আকতার হোসেন পুকুরে না থাকার সুযোগে অভিযুক্তরা পুকুরের পশ্চিম ও দক্ষিণ পাশের পাড়ে থাকা প্রায় ৪০টি লিচু গাছসহ আরও প্রায় ১৫টি বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা কেটে ফেলেন। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পরদিন ১৬ জুলাই২৬, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গাছের ডালপালা কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধরের সময় তাঁর শার্টের বুক পকেটে থাকা ৩ হাজার টাকা জোরপূর্বক বাহির করে নেওয়া হয়। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।ভুক্তভোগী আকতার হোসেন বলেন, “আমি আমার নিজস্ব পুকুরে বৈধভাবে মাছ চাষ করে আসছি। দীর্ঘদিন ধরে আমাকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করা হচ্ছিল। টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে আমার লিচু গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা কেটে ক্ষতি করা হয়েছে। প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয় এবং বুক পকেটে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”