শাহাদাত কামাল শাকিল কুমিল্লা প্রতিনিধি ||
এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবুশাহাদাত কামাল শাকিল:- আন্তর্জাতিক অঙ্গনে আবারও কুমিল্লার সুনাম উজ্জ্বল করলেন কারাতে মাস্টার সিহান মোখলেছুর রহমান আবু। ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন অনুমোদিত এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচের গৌরব অর্জন করেছেন।গত ১৫, ১৬ ও ১৭ জুলাই ২০২৬ ইং তারিখে ঢাকায় এশিয়া কারাতে ফেডারেশনের টেকনিক্যাল কমিশনের আয়োজনে কারাতে কোচেস ও রেফারী সেমিনার ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাতে ফেডারেশন মনোনীত কোচ ও রেফারীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।উক্ত পরীক্ষায় কুমিল্লা জেলা ও সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক, কুমিল্লা জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এবং ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশনের সদস্য সিহান মোখলেছুর রহমান আবু সাফল্যের সাথে কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হন।সিহান মোখলেছুর রহমান আবু বলেন, "আমার এই কৃতিত্বের জন্য বাংলাদেশ কারাতে ফেডারেশন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ আমাকে অনুপ্রাণিত করেছেন। আমার এই সাফল্যের মাধ্যমে এখন থেকে আরও ভালোভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারব। এই সাফল্য কুমিল্লাসহ সমগ্র বাংলাদেশের ক্রীড়া ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।"জানা যায়, সিহান মোখলেছুর রহমান আবু বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার পাশাপাশি জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপসহ বহু দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছেন।সিহান মোখলেছুর রহমান আবু এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস লাইসেন্সপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক, সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসারসহ কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, তার এই অর্জনের মাধ্যমে কুমিল্লা ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুনাম আরও বৃদ্ধি পেল।