পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীপঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২৪ জুলাই ২০২৬: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনের পর তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পাশাপাশি অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সাইম এবং দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ।আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।