অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি ||
পটুয়াখালীতে সিরীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধারঅপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।সূত্র জানায়, শুক্রবার রাতে মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার খাবার দিতে আসা ব্যক্তি। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে খাটের ওপর তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয় যে তিনি আগেই মারা গেছেন।বাড়ির মালিক কে এম শাহাদাত খান জানান, ‘মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে আমার বাসায় ভাড়া থাকতেন। তিনি খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তার কাছে আসতেন। শুক্রবার তাকে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ পাওয়া গেলে আমি খবর পেয়ে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মৃত ব্যক্তি সিরীয় ও বাংলাদেশি—উভয় দেশের নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও এ দেশেই বসবাস করে। মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে এবং খবর পেয়ে তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’