মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় ৭ বছরের এক শিশুকে পাউরুটির প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযুক্ত আব্দুর রাজ্জাকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।২৮ শে জুলাই ২০২৬ ইং ) মঙ্গলবার দুপুরে ধোপাডাঙ্গা নতুন বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। পরে সড়কে ঝাড়ু মিছিল বের করা হয়। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।মানববন্ধনে বক্তব্য দেন ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকাবাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু এবং ভুক্তভোগী শিশুর বাবা উজ্জল মিয়া।বক্তাদের অভিযোগ, গত ২১ জুলাই দক্ষিণ রাজিবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০) আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ওই ছাত্রকে পাউরুটি দেওয়ার কথা বলে নিজের বেকারির ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। শিশুটির আর্তচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি বাড়িতে চিকিৎসাধীন।ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজ্জাক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানান বক্তারা।বক্তারা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও সাত দিন পার হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নতুন বাজারে ঝাড়ু হাতে মিছিল করে কর্মসূচি শেষ করেন।