মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।০২ / ০৮ /২০২৬ ইং রোববার দুপুরে তিনি হাসপাতালটি ঘুরে চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সামগ্রিক পরিস্থিতির খোঁজ নেন।এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুলসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।মন্ত্রীর পরিদর্শনের সময় হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘সচেতন নাগরিক ও এলাকাবাসী’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাসপাতালের নানা অনিয়ম, চিকিৎসক সংকট ও সেবার মান নিয়ে অভিযোগ তোলেন অংশগ্রহণকারীরা। পরে মন্ত্রী মানববন্ধনস্থলে গিয়ে তাদের অভিযোগ শোনেন এবং সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্য খাতকে অবহেলা করা হয়েছে। আমাদের সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে পাঁচ মাস হয়েছে। এরপরও আমরা চিকিৎসকদের নিয়মানুবর্তিতা নিশ্চিত করা এবং দুর্নীতি বন্ধে কাজ করছি।তিনি আরও বলেন, “হাসপাতালটিতে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা রয়েছে। সব বিষয় নোট করেছি। ঢাকায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”গাইবান্ধা জেনারেল হাসপাতালের দীর্ঘদিন ধরে অব্যবহৃত ৯ তলা নতুন ভবনের বিষয়ে মন্ত্রী জানান, ভবনটিতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও জনবল নিয়োগ সম্পন্ন করে নতুন ভবনে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা হবে।এর আগে একই দিন সকাল ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও আকস্মিক পরিদর্শন করেন। সেখানে সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।