আবুল হোসেন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সরিষাবাড়িতে ইউপি সদস্য ও বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আছিয়া বেগম ও তাঁর বৃদ্ধ পিতা আব্দুল মান্নান কে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আছিয়া বেগম।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সদস্য আছিয়া বেগম ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পেছনে চাররাস্তার মোড় এলাকায় ভাড়া নেওয়া জায়গায় চুক্তির ভিত্তিতে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। গত সোমবার রাতে টানা বৃষ্টিতে দুইটি টিনের ঘরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি তাঁর ঘরে ঢোকার উপক্রম হয়। পরে তিনি পানি নিষ্কাশনের জন্য ঘরের উত্তর পাশের একটি ইট সরিয়ে দেন।এ বিষয়টি পাশের ভাড়াটিয়া খুশি স্বর্ণকার বাড়ির মালিক শাহজাহান গেদুর ছেলে জীবনকে জানালে এ নিয়ে শাহজাহান, তাঁর ছেলে জীবন ও জীবনের স্ত্রী লিপির সঙ্গে আছিয়া বেগমের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে জীবন আছিয়া বেগমের গলা চেপে ধরে মারধর করেন, গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর বৃদ্ধ পিতা মো. আব্দুল মান্নানকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আছিয়া বেগম বলেন, “আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও নিজ বাসায় নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য ও তাঁর বৃদ্ধ পিতার ওপর হামলার ঘটনা নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।