আল কাওছার, গাইবান্ধা ||
নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর মো. আনছার আলী (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আনছার আলী একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।পরিবারের সদস্যরা জানান, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার কার্ডধারী ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান (মোস্তা) বলেন, “আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সকালে পুকুরে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”