প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি ||
বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্টআবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাল তৈরির সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩০০ পিসেরও বেশি চায়না দুয়ারী জাল, জাল তৈরির আধুনিক মেশিন ও আনুমানিক ১০ লাখ টাকার বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করার পর জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় ঈশ্বর নামের ওই জাল ব্যবসায়ীর বাড়ি থেকে অবৈধ ৩০০ পিসের অধিক চায়না দুয়ারী জাল এবং বিপুল পরিমাণ জাল তৈরির মেশিন ও অন্যান্য কাঁচামাল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি। তবে অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান: "অভিযুক্তকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে সাজা বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও খালের ইকোসিস্টেম ধ্বংসকারী এসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"উদ্ধারকৃত বিপুল পরিমাণ জাল ও তৈরির সরঞ্জাম পরবর্তীতে উপস্থিত জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মৎস্য অফিসার মোঃ মোকাররম হোসেন। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও সামগ্রিক সহযোগিতায় বেড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল তৎপর ভূমিকা পালন করে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ