মো: ইলিয়াছ মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
উপাচার্যের উদ্বোধনে চাকসুর ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে "Run Against Fascism with CUCSU" অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট (শনিবার) সকাল ৮:০০ টায় চাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের আয়োজনে এই রান-ইভেন্টের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল ফোরকান। এতে চাকসুর ভিপি, জিএসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী বক্তব্যে চবি উপাচার্য ড. আল ফোরকান বলেন, "গত ১৭ বছরে হাসিনার ফ্যাসিজম আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রভাব ফেলেছিল। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ইতিহাসে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তাদের সবার বিরুদ্ধে অবস্থান জানানোর জন্য চাকসুর এই অভিনব আয়োজনের আমি প্রশংসা করছি।"ইভেন্টের উদ্দেশ্য ও ধারাবাহিকতা নিয়ে চাকসু ভিপি ইবরাহীম হোসেন রনি জানান, চাকসুর ব্যানারে এমন একটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের পূর্ব থেকেই ছিল। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক তা বাস্তবায়ন করেছেন এবং চাকসুর বর্তমান মেয়াদের মধ্যে সামনে এই ধরণের আরও কার্যক্রম অব্যাহত থাকবে।শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, "হাসিনার ফ্যাসিবাদী আমলে দেশের আমজনতা যে নিপীড়নের শিকার হয়েছে, তার বিরুদ্ধে এই ইভেন্টটি একটি স্মারক হিসেবে থাকবে। শিক্ষার্থীদের এমন ব্যাপক উপস্থিতিই ইভেন্টের সার্থকতা এবং ফ্যাসিবাদের ভয়াবহতার প্রতিক্রিয়াকে ফুটিয়ে তোলে।"আয়োজনের তারিখ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে মূল আয়োজক চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ বলেন, "চব্বিশের লাল জুলাইয়ের স্মৃতি আমাদের মননে এখনও জাগ্রত। ফ্যাসিজমের পতন পরবর্তী সময়ে আজ ১৫ আগস্টে আমরা এই আয়োজনটি করেছি। মূলত শেখ মুজিব, শেখ হাসিনা ও স্বৈরাচার এরশাদের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই বিশেষ দিনে আমাদের এই পদক্ষেপ।"