আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি ||
‘পাবনা এক্সপ্রেস’ নাম দাবিতে শেকড় পাবনা ফাউন্ডেশনের বিবৃতিআবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনা-ঢাকা সরাসরি চালু হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত আন্তঃনগর ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ রাখার জোরালো দাবি জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। একই সঙ্গে পাবনার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতিনিধিত্বকারী নামকরণের আহ্বান জানানো হয়েছে।আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান খান এই দাবি জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর পাবনাবাসীর স্বপ্নের পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ট্রেন চালু হলে জেলাবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে এবং ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেল মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তারা।তবে ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ট্রেনটির নাম ‘সপ্তপদী এক্সপ্রেস’ রাখা হতে পারে। যদিও কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবুও এমন খবরে পাবনার সর্বস্তরের মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।সংগঠনটির মতে, একটি আন্তঃনগর ট্রেনের নাম কেবল একটি পরিচয় নয়, এর সঙ্গে জেলার আবেগ, সংস্কৃতি ও আত্মপরিচয় জড়িত। সেই বিবেচনায় ‘পাবনা এক্সপ্রেস’ নামটিই সবচেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও যুক্তিসঙ্গত। এর পাশাপাশি পাবনার ঐতিহাসিক প্রেক্ষাপট বা কোনো কৃতী ব্যক্তিত্বের নামেও ট্রেনের নামকরণ করা যেতে পারে।বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, অনাকাঙ্ক্ষিত ও অহেতুক বিতর্ক এড়িয়ে পাবনাবাসীর ওপর চাপিয়ে দেওয়া যেকোনো সিদ্ধান্ত পরিহার করা উচিত। গণদাবির তোয়াক্কা না করে অন্য কোনো নাম দেওয়া হলে তা পাবনার মানুষের প্রত্যাশা ও আবেগকে ক্ষুণ্ন করবে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে ‘পাবনা এক্সপ্রেস’ নামটি চূড়ান্ত করে তা ঘোষণার জন্য রেল মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তারা।