তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
জশনে জুলুস বন্ধের দাবিতে বিজয়নগরে মানববন্ধনব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জশনে জুলুসের নামে বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ এবং নাঈম ও আবদুর রহমানসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় আলেম ও তাওহিদী জনতা।রোববার (২৩ আগস্ট) উপজেলার চম্পকনগর ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা শফিকুল ইসলাম। হাফেজ মাওলানা হোসাইন আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন মুফতি আমিনুল ইসলাম হাশেমী, মুফতি রঈস উদ্দিন আমিনী, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা লুৎফর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আবু বকর হাক্কানি এবং সাধারণ আলেম সমাজের ব্রাহ্মণবাড়িয়া জেলার মুখপাত্র মোল্লা জাহিদুল হাসান ইসরাফিলসহ স্থানীয় আলেম ও নেতৃবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ১২ রবিউল আউয়াল চম্পকনগর-চান্দুরা সড়ক কিংবা দুলালপুর এলাকায় কোনো ধরনের শোডাউন বা মিছিলের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ ছাড়া গত বছর চান্দুরা ডাকবাংলো মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে নিয়ে করা কথিত আপত্তিকর বক্তব্যের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিবের বিরুদ্ধে করা অভিযোগ ও মামলার ক্ষেত্রেও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। মামলা হওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, সে প্রশ্নের জবাব প্রশাসনকে দিতে হবে বলেও মন্তব্য করেন তারা।মানববন্ধনে মাওলানা শফিকুল ইসলাম আগামী ১২ রবিউল আউয়াল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লক্ষ্মীপুর নতুন মসজিদের সামনে এবং দুলালপুর চার রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।এ সময় বক্তারা বলেন, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীজি (সা.)-এর জীবনী আলোচনা, সিরাত প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতসহ ইসলামি ও শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করা যেতে পারে। তবে বাদ্যযন্ত্র, ঢোল-বাদ্য ও গান-বাজনাসহ যেসব কর্মকাণ্ডকে তারা ধর্মীয়ভাবে অনুচিত মনে করেন, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।