মোঃ মনির হোসেন, CORRESPONDENT ||
সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইতালি প্রবাসী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার হোসেন সরকারকাঁদিয়ে গেলেন আপনজনদের, রেখে গেলেন অগণিত স্মৃতি।মোঃ মনির হোসেন:- ইতালি প্রবাসী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার হোসেন সরকার আর আমাদের মাঝে নেই। সহপাঠী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসা এবং অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে নিজ জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।গত আগস্ট মাসের ৪ তারিখ ইতালির রোম শহরে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী এবং প্রবাসী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।২৮ আগস্ট ২০২৬ ইং, শুক্রবার জুমার নামাজের পর ইতালিতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আজ সকাল ৮টায় তাঁর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছায়। প্রিয় মানুষটিকে শেষবারের মতো একনজর দেখতে এবং শেষ বিদায় জানাতে তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে আসেন।আজ বাদ আসর তাঁর জন্মভূমি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পরানপুরে (বর্তমান কৃষিমন্ত্রী জনাব আমিনুর রশিদ এয়াছিন এর গ্রাম) তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেন। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।শেষ বিদায়ের এই বেদনাবিধুর মুহূর্তে দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও শেষ বিদায় জানানো হয়। সহপাঠীদের চোখে-মুখে তখন ছিল প্রিয় বন্ধুকে হারানোর বেদনা, আর হৃদয়ে ছিল তাঁর সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতির ভার।আক্তার হোসেন সরকার হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর হাসি, তাঁর স্মৃতি, তাঁর ভালোবাসা এবং সহপাঠী-স্বজনদের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলো মানুষের হৃদয়ে বেঁচে থাকবে দীর্ঘদিন।মৃত্যু অনিবার্য, কিন্তু কিছু মানুষ চলে গিয়েও মানুষের হৃদয়ে থেকে যান। আক্তার হোসেন সরকারও তেমনি একজন। মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবার-পরিজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।তার আকষ্কিক মৃত্যুতে শোক জানিয়েছেন দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দ।